১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যান্টের পকেট-মানিব্যাগে মিলল ২ কোটি টাকার সোনার বার, আটক ৩

যশোরে আটকরা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করছিলেন বলে ভাষ্য বিজিবির।

প্যান্টের পকেট-মানিব্যাগে মিলল ২ কোটি টাকার সোনার বার, আটক ৩
যশোরের বাঘারপাড়ায় ১১টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 07:54 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রায় দুই কোটি টাকার ১১টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদের পাচারকারী বলছে বিজিবি। 

রোববার ভোরে উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচার কলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫), গাজীপুরের কাশিমপুর থানার পূর্ব বাগবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ছেলে আবুল কালাম আজাদ (৪৬) এবং বগুড়ার শেরপুর উপজেলার রানিহাট গ্রামের সুচিত্র লাল মণ্ডলের ছেলে রাম প্রসাদ মণ্ডল (২৮)।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। 

পরে তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগ তল্লাশি করে এক কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা বলে জানান তিনি।

এ ছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে বলে জানান সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে পাচারের উদ্দেশে ভারতে যাচ্ছিলেন।

আটকদের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি এই কর্মকর্তা।