Published : 07 Aug 2026, 10:44 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে কথা-কাটাকাটির জেরে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিন লাখ টাকা দেনমোহরে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার মুক্তার হোসেনের বিয়ে হয়। পরে অতিথিরা খাবার খেতে বসলে খাবার পরিবেশন নিয়ে বরপক্ষের এক জনের সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন ও শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারির ঘটনা ঘটে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি জানেন না। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।