Published : 03 Aug 2026, 03:27 PM
মাগুরা শহরে নিজ ঘর থেকে এক ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার সকালে ভায়না টিটিডিসি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাগুরা সদর থানার ওসি আল মামুন জানান।
মৃত কামরুল হাসান শিবলু (৪৫) ওই এলাকার আকবর মুন্সির ছেলে।
স্থানীয়দের ভাষ্য, শিবলুর সঙ্গে তার পারিবারের সদস্যদের প্রায়ই কলহ হতো। এর জেরে শিবলু সকালে ঘরের দরজা-জানালা বন্ধ করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রুহুল আমিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানালার গ্রিল কেটে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি আল মামুন জানিয়েছেন।