চাঁদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দুই মামলায় গ্রেপ্তার ৪
পুলিশ জানায়, দুই মামলায় অন্তত ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মামলার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত চারজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পৌরসভার মকিবাদ বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
পরে আহত সাইমন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত থানায় দুটি মামলা হয়েছে বলে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান।
তিনি বলেন, এর মধ্যে শনিবার ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে প্রথম মামলাটি করেন পৌর এলাকার টোরাগড় গ্রামের পারভেজ নামে এক ব্যক্তির স্ত্রী।
সাইমন হত্যার ঘটনায় তার মামা পরিচয়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় আরেকটি মামলা করেন।
এই মামলায় ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রথম মামলার পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।
