২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ‘জমি নিয়ে বিরোধে’ ছোট ভাইকে পিটিয়ে হত্যা

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের দুই ছেলে ও এক ভাতিজা।

নেত্রকোণায় ‘জমি নিয়ে বিরোধে’ ছোট ভাইকে পিটিয়ে হত্যা
নেত্রকোণার খালিয়াজুরী থানা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 03:22 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন।

এদিন দুপুরে খালিয়াজুরী সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে হামলার ঘটনা ঘটে; এতে আহত হয়েছেন নিহতের দুই ছেলে ও এক ভাতিজা। 

নিহত জাহেদ মিয়া (৬০) ওই গ্রামের আলী হোসেন মীরের ছেলে। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্বজনরা জানান, আলী হোসেনের চার ছেলের মধ্যে জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জাহেদসহ তিন ভাই সমহারে বণ্টনের পক্ষে থাকলেও অপর ভাই তোতা মিয়া রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বসলেও কোনো সমাধান হয়নি। পরে তিন ভাই আদালতে মামলা করেন।

শুক্রবার দুপুরে তোতা মিয়া বিরোধপূর্ণ জমিতে জোর করে ধান বীজ বপনের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তোতা মিয়া লোকজন রড দিয়ে জাহেদের ওপর হামলা চালান। এতে জাহেদ ও তার দুই ছেলেসহ চারজন আহত হন। 

গুরুতর অবস্থায় তাদের প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জাহেদ মারা যান। অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে জাহেদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মকবুল হোসেন। তিনি বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”