জামালপুরে ধর্ষণ মামলায় দুই কিশোরের ১০ বছরের আটকাদেশ
২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পেছনে গেলে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।
জামালপুরে সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় দুই কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক।
তিনি বলেন, “সদর উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত প্রতিবেশী ১৬ বছরের এক কিশোর। এতে রাজি না হওয়ার মেয়েটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করত ওই কিশোর।
“২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পেছনে যায়। সেই সময় সেখানে আগে থেকে লুকিয়ে থাকা ওই কিশোর ও তার সহযোগী অপর এক কিশোর মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করে।”
ঘটনার দুই দিন পর ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুটির বাবা সদর থানায় মামলা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক।
তিনি বলেন, একই বছরের ১৯ মে দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দুই কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
