২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে নিহত ১

পথে নিমতলা এলাকায় রিকশাটি আরেকটি রিকশাকে ওভারটেক করতে গেলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পিরোজপুরে বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে নিহত ১
পিরোজপুর জেলা হাসপাতাল।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 03:38 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

পিরোজপুরের সদর উপজেলায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন। আরও চারজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কে হুলারহাটের নিমতলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন।

নিহত আঁখি আক্তার (৩৪) কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা হলেন- ফোরকান হাওলাদার (৬০), রেশমা বেগম (৩০), ইমরান (২৪), জহুরা (৬৫)। আহতরাও সবাই চিরাপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। আর ব্যাটারিচালিত রিকশাটি পিরোজপুর থেকে কাউখালীতে যাচ্ছিল। 

পথে নিমতলা এলাকায় রিকশাটি আরেকটি রিকশাকে ওভারটেক করতে গেলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। পথে আঁখি আক্তার মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

ওসি সোবহান হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।