খাগড়াছড়িতে জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’ ঠেকাতে মাঠে প্রশাসন
ভবিষ্যতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির ‘শঙ্কায়’ দেশজুড়ে পাম্পগুলোতে ‘হুমড়ি খেয়ে’ পড়েছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পাম্পগুলোতে তদারকি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানে গিয়ে মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনীর দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এবং দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
ইউএনও বলেন, যুদ্ধের অযুহাতে উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ পার্শ্ববর্তী বাজারগুলোর কিছু পেট্রোল পাম্প ও দোকানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে বন্ধ রাখা হচ্ছে। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে।
বিভিন্ন মাধ্যমে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন যৌথভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্কতামূলক বার্তা দেওয়া হয় বলে জানান তিনি।
তানজিল পারভেজ বলেন, ভবিষ্যতে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প ও তেলের দোকানগুলোতে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।
