২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে অবৈধভাবে আনা অর্ধকোটি টাকার পণ্য ফেনী সীমান্তে জব্দ

ছয় মাসে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩৭ কোটি টাকার বেশি ভারতীয় পণ্য জব্দের কথা জানিয়েছে বিজিবি।

ভারত থেকে অবৈধভাবে আনা অর্ধকোটি টাকার পণ্য ফেনী সীমান্তে জব্দ
ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আনা অর্ধকোটি টাকার বিপুল ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। 

বৃহস্পতিবার মধ্যরাতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির নিয়মিত টহল দল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের কয়েকটি পয়েন্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্য ফেলে পালিয়ে যায়। 

পরে তল্লাশি করে চোরাইপথে আনা বিপুল ভারতীয় মাদক, ওষুধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা বলে জানায় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে সীমান্তে চালানো অভিযানে ৩৭ কোটি টাকার বেশি ভারতীয় মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

সেইসঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।