২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি এনসিপির ৩ নেতা

এই জোট রাজনীতিকে ‘আদর্শিক বিচ্যুতি’ হিসেবে উল্লেখ করেছেন এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 01:18 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চার নেতা মনোনয়নপত্র তুললেও তাদের তিনজনই তা জমা দেননি।  

এনসিপির মনোনয়নে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এস. এম সাইফ মুস্তাফিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। 

এর মধ্যে এস. এম সাইফ মুস্তাফিজ ছাড়া আর কেউই তা জমা দেননি। 

১০ দলীয় জোটের কারণে জামায়াত ইসলামীর প্রার্থীকে আসন ছেড়ে দিতে গিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনপিসির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

তবে এই জোট রাজনীতিকে ‘আদর্শিক বিচ্যুতি’ হিসেবে উল্লেখ করেছেন এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

এর প্রতিবাদেই নিজেকে দলের যাবতীয় নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। 

সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “জামায়াত ইসলামীসহ ৮ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে দল তার নিজস্ব বক্তব্য থেকে বিচ্যুত হয়েছে। বিশেষ করে শীর্ষ নেতৃত্বের ৩০০ আসনে মনোনয়ন পত্র বিতরণ এবং তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি।”

নিজের ‘নৈতিকতা ও আদর্শ বিসর্জন’ দিয়ে এবং জনতার ‘বিশ্বাসের অমর্যাদা’ করে এই জোটের অংশ হতে চান না জানিয়ে তিনি বলেন, “দল মনোনয়ন দিলেও এই জোটের প্রার্থী আমি হতাম না।”

পরিস্থিতি পুনর্বিবেচনা সাপেক্ষে দ্রুতই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন জানিয়ে তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি ক্ষমতা নয় জনতার অধিকার রক্ষা ও নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে এসেছি। নতুন রাজনীতি ও মজলুমের পক্ষে আমি আজীবন কথা বলে যাব ইনশাল্লাহ।”

এদিকে, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির এস. এম সাইফ মুস্তাফিজের পাশপাশি জামায়াতে ইসলামীর শাহজাহান আলীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এ বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম বলেন, “বিশেষ কারণে এ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এনসিপির প্রার্থীর সমর্থনে দাখিলকৃত মনোনয়ন ফরম পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়া হবে।” 

৬ আসনে ৪৫টি মনোনয়ন জমা

জেলার ছয়টি আসনে ৫৭টি মনোনয়ন ফরম উত্তোলন করা হলেও রোববার ও সোমবার ৪৫টি দাখিল করেছেন প্রার্থীরা। 

জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন জমা পড়েছে সিরাজগঞ্জ-৬ আসনে এবং সবচেয়ে কম পাঁচটি মনোনয়ন জমা পড়েছে সিরাজগঞ্জ-৩ আসনে। 

এর মধ্যে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির সেলিম রেজা, জামায়াতে ইসলামী শাহিনুর আলম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, এবি পার্টির শাব্বির আহম্মেদ তামিম ও স্বতন্ত্র আব্দুস সবুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামী মুহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুহিব্বুল্লাহ, সিপিবির আনোয়ার হোসেন, বাসদের আব্দুল্লাহ আল মামুন, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমান ও জনতার দলের সোহেল রানা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সিরাজগঞ্জ-৩ আসনে মো. আয়নুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহা. আব্দুল লতিফ সরকার ও স্বতন্ত্র ইলিয়াছ রেজা রবিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির এম. আকবর আলী, জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, সিপিবির আব্দুল হাকিম ও স্বতন্ত্র আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, জামায়াতে ইসলামীর আলী আলম, জাতীয় পার্টির আকবার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরুন নবী, সিপিবির মতিয়ার রহমান, গণ অধিকার পরিষদের ইউসুফ আলী ও বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা গোলাম মওলা খান বাবলু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

সিরাজগঞ্জ-৬ আসনটিতে বিএনপির এম. এ মুহিত, জামায়াতে ইসলামীর শাহজাহান আলী, এনসিপির এস. এম সাইফ মুস্তাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসবাহ উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় পার্টির মোক্তার হোসেন, এবি পার্টির আবু জাফর মো. আনোয়ারুল সাদাত, জেএসডির ইলোরা খাতুন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল, আম জনতার দলের আসাদুল হক, স্বতন্ত্র হুমায়ন কবির, স্বতন্ত্র ওয়াসেফ ইকবাল খান মজলিস ও বিএনপির মনোনয়ন বঞ্চিত শফিকুল ইসলাম ছালাম দলের নামেই ফরম দাখিল করেছেন।