২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষে মসজিদের ভেতরে-বাইরে মারামারি

দেউলভোগ দয়হাটায় এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 05:28 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।   

উপজেলার দেউলভোগ দয়হাটায় শুক্রবার সন্ধ্যায় মাগরিব নামাজের সময় এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান।  

এ ঘটনায় জখম আব্দুর রহিম (৪৮), আক্তার হোসেন (৪৫), তরিকুল ইসলাম (৪০), মমিনুল ইসলাম ফাহিমসহ (২২) অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এই সহিংস ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয়রা বলেন, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা রফিক খানের নামাজের জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা দেউলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদে যান। সেখানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুও ছিলেন। উজ্জ্বল দলীয়ভাবে সপুর অনুসারী হিসেবে পরিচিত।  

সপু মুন্সীগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। সেখানে শেখ মো. আব্দুল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।  

মসজিদের সামনে শ্রীনগর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলামও ছিলেন। তার মোটরসাইকেলে বিএনপি প্রার্থী শেখ আব্দুল্লাহর ছবিযুক্ত স্টিকার ছিল। এটি নিয়ে সপুর সমর্থকের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এ ঘটনাই একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। 

তখন মসজিদের নামাজ চলছিল। এর মধ্যেই দুপক্ষ মসজিদের ভেতরে-বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ তরিকুল ইসলামের বোন রুবিনা আক্তারকে আটক করে। 

এ ব্যাপারে জানতে চাইলে মীর সরফত আলী সপু বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। আমি নামাজরত ছিলাম, হঠাৎই খবর পাই বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মীরা দৌড়ে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায়।” 

বিএনপি নেতা ও মনোনয়ন বঞ্চিত মমিন আলী বলেন, “তরিকুল মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নধারী শেখ মো. আব্দুল্লাহর লোক। এর আগে তাকে পুলিশ আটক করেছিল। তিনি দল থেকেও বহিষ্কার হন।”  

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন ঘোষণার পর থেকে দলীয় নির্দেশনা উপেক্ষা করে, দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ না করে ঔদ্ধত্যপূর্ণভাবে নানারকম উসতানিমূলক, জনদুর্ভোগ ও বিভক্তিমূলক কর্মসূচি দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন কতিপয় নেতা।” 

তিনি বলেন, “সপু সাহেবের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত আওলাদ হোসেন উজ্জ্বল। তার শ্বশুরের জানাজায় স্বাভাবিকভাবে তাদের লোকজনে ভরপুর ছিল। সেখানে তাদের লোকজনের উপর হামলা করার ঘটনা সঠিক নয়। বরং তরিকুল ইসলামকেই বেদম প্রহার করেছে সপু সাহেবের লোকজন। পরে তরিকুলের শ্বশুরবাড়ির লোকজন ঘটনা দেখতে আসলে তাদেরও নির্মমভাবে মারধর করা হয়।

ঘটনার সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের বিচার দাবি করেন হাফিজুল ইসলাম। 

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, “ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

বিএনপি নেতাকর্মীরা জানান, চলতি বছরের ১০ জানুয়ারি সন্ধ্যায় একটি হত্যাচেষ্টা মামলায় আসামি হিসেবে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে তাৎক্ষণিকভাবে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে। পরে তারা  তরিকুলকে ছিনিয়ে নেয়। 

এ ঘটনায় শ্রীনগর থানার তৎকালীন ভারপ্রাপ্ত ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে ওই দিনই প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। থানায় মামলা হয়। পরদিন ১১ জানুয়ারি তরিকুল ইসলামকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।