২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে কোটাবিরোধীদের বিক্ষোভ

বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 10:29 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। সড়কের এক পাশে অবস্থান নিয়েছিলেন পুলিশ সদস্যরাও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না। বুধবার বিকাল ৩টায় ক্যাম্পাসে আবারও বিক্ষোভের ডাক দেন তিনি।

এর আগে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তাদের সঙ্গে যুক্ত হয় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

এদিকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে নিজ পরিচয়পত্র রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।

সোমবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সব শিক্ষার্থীকে সার্বক্ষণিক নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হচ্ছে। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই অনুরোধ করা হলো।”

এর আগে বিকাল সোয়া ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরে তারা হলের দিকে চলে যান।

আরও পড়ুন:

কোটাবিরোধী আন্দোলন: দিনভর সংঘর্ষে নিহত ৬

প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন