২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া চেম্বারে সভার মধ্যে ঢুকে মারধর, টাকা-মোবাইল ছিনতাই

চেম্বারের হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “একদল লোক চেম্বারে আসেন। আমাকে কক্ষ থেকে বের করে মারধর করেন।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সে কার্যকরী কমিটির সভা চলাকালে একদল লোক ঢুকে মারধর ও টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার দুপুরে জেলা শহরের মসজিদ রোড এলাকায় অবস্থিত চেম্বারে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান। 

এ সময় চেম্বারের সচিব আজিম উদ্দিনকে লাঞ্ছিত করে দুটি মোবাইল ফোন, ১০ হাজার টাকা, হিসাবরক্ষক জাহাঙ্গীর আলমকে মারধর করে নগদ ২২ হাজার টাকা ও কম্পিউটারের এসএসডি কার্ড ছিনিয়ে নিয়ে গেছে।

চেম্বার সদস্যরা বলেন, জুলাই মাসে এফবিসিসিআইয়ের নির্বাচন হবে। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স ‘এ’ শ্রেণির হওয়ায় এফবিসিআইয়ের কাছে ছয়জন ভোটারের নাম পাঠাতে বলা হয়েছে। এ জন্য জরুরি ভিত্তিতে দুপুরে সভা করে চেম্বারের বর্তমান কমিটি। 

ছয়জন ভোটারের নাম নির্বাচন করতে বর্তমান ২০ সদস্যের কমিটির মধ্যে সাতজন সভায় বসেন। 

সভায় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি আজিজুল হক, সহসভাপতি কাজী জাহাঙ্গীর ও বাবুল মিয়া, পরিচালক আজিজুর রহমান, জুয়েল খান, তানভির আহমদ, জাবেদুল ইসলাম। 

সভা চলাকালীন একদল বহিরাগত অতর্কিত চেম্বারে প্রবেশ করে সভা বন্ধ করতে বলেন। তাদের সঙ্গে চেম্বারের সদস্য কাজল মিয়াসহ কয়েকজন উপস্থিত ছিলেন। এক পর্যায়ে তারা চেম্বারের সভাপতি আজিজুল হকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। 

এ নিয়ে চেম্বারের সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হট্টগোল হয়। বহিরাগতরা এক পর্যায়ে কক্ষে ঢুকে চেম্বারের সচিব আজিম উদ্দিনকে লঞ্ছিত করে ড্রয়ার থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। 

আরেকটি কক্ষে ঢুকে ভয় দেখিয়ে অফিস সহায়ক দুলাল মিয়ার মাধ্যমে কম্পিউটারের এসএসডি কার্ড ও একই কক্ষের হিসাবরক্ষক জাহাঙ্গীর আলমকে টেনেহেঁচড়ে বের করে মারধর করেন। এক পর্যায়ে জাহাঙ্গীরের কাছ থেকে ২২ হাজার টাকা নিয়ে যান তারা। 

খবর পেয়ে দুপুর ২টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ঘটনার এক মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, সভাপতি আজিজুল হকসহ সাতজন সভা করছিলেন। সেসময় চেম্বারের সদস্য কাজল মিয়াসহ কয়েকজনকে সভায় ঢুকতে দেখা গেছে। কাজল সভাপতি আজিজুলের দিকে এগিয়ে গিয়ে জোরপূর্বক সভার রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চেম্বারের অন্যান্য সদস্যদের বাধার কারণে তিনি তা নিতে পারেননি। 

চেম্বারের হিসাবরক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “একদল লোক চেম্বারে আসেন। আমাকে কক্ষ থেকে বের করে মারধর করেন। টানাহেঁচড়ায় শার্টের বোতাম ছিড়ে গেছে। তারা পকেট থেকে ২২ হাজার টাকা নিয়ে গেছে।”

জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক বলেন, “সভা করে চলে আসার পর একদল লোক চেম্বারে ঢুকে সচিব আজিম উদ্দিনকে লাঞ্ছিত ও হিসাবরক্ষক জাহাঙ্গীর আলমকে মারধর করে। তাদের কাছ টাকা ও মোবাইল নিয়ে গেছে।”

চেম্বার অব কর্মাসের সাধারণ সদস্য কাজল মিয়া বলেন, “এই কমিটির অধিকাংশই আওয়ামীপন্থি। তারা চেম্বারে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও চুরি করেছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সভাপতি আজিজুল হক, সহসভাপতি কাজী জাহাঙ্গীরসহ অধিকাংশের বিরুদ্ধে মামলা রয়েছে। আর ৫ অগাস্টের পর থেকে তারা কোনো সভা করেনি। 

“জেলার নাগরিক ও ব্যবসায়ী হিসেবে তাদের অন্যায় কাজের প্রতিবাদ করা আমার দায়িত্ব। সাদাকে সাদা ও কালাকে কালা বলতে হবে। তারা সভা করতে পারেননি। পাঁচ মিনিট বসেই চলে গেছে। তারা সভা করতে চাইলে সবাইকে জানিয়ে সভা করুক। এভাবে চুপিসারে কেন?” 

সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। চেম্বারে আওয়ামীপন্থি সদস্যরা সভা করতে এসেছিল। দুই থেকে আড়াই মিনিট বসে তারা চলে গেছে। সভাপতি-সহসভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে। 

“বিএনপিপন্থি চেম্বারের সদস্যরা সেখানে যান। সভা করেছে কি-না রেজুলেশন দেখতে চান। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। চেম্বারের কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে তারা জানিয়েছে। কিন্তু কারা করেছে কেউ কিছু বলতে পারেনি। মারধরে বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।”