সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল থেকে আটক ৩
রিকশা শ্রমিকদের আন্দোলনের ঘটনায় গ্রেপ্তারদের মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করে পুলিশ।
সিলেটে রিকশা শ্রমিকদের আন্দোলনের ঘটনায় গ্রেপ্তারদের মুক্তির দাবিতে ডাকা জেলা ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটকরা হলেন- ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল এবং শান্ত তালুকদার।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “আটকরা থানা হেফাজতে আছেন। তবে এখনো তাদেরকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।”
বিকালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র ইউনিয়ন। সমাবেশের পর মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট জেলা বাসদের কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তার আগে শুক্রবার মধ্যরাতে সিপিবি নেতা সুমনকে বাসা থেকে তুলি নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। তাদের আন্দোলনে সংগঠক হিসেবে সিপিবি ও বাসদের নেতারা সম্পৃক্ততা রয়েছে বলে ভাষ্য পুলিশের।
