১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আটক

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের মধ্যে আটক করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে। 

শুক্রবার মধ্যরাতে নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সেটি তিনি বলেননি। 

সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, “শুক্রবার রাতে বাসা থেকে সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ। সুমন সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।”

গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এ অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।

এর পরিপ্রেক্ষিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার সিলেট নগরে ব্যাপক বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার শ্রমিকরা। তারা ব্যাটারিচালিত রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানান। 

বিক্ষোভের এক পর্যায়ে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। 

এর মধ্যে দাবি পূরণ না হলে রোববার অনশন কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা। তার আগের রাতেই সুমনকে আটক করা হলো।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, “ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।

পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি বলেও জানান তিনি।