২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি রক্ষায় ইউপিডিএফের বিক্ষোভ

বক্তরা বলেন, একটি স্বার্থান্বেষী মহল আইনটি অকার্যকর করতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে।

বিডিনিউজ২৪

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 07:01 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো।

বুধবার দুপুরের দিকে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ হয়েছে।

রাঙামাটি সদর, কুতুকছড়ি, বেতবুনিয়ায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রিটিশ প্রণীত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনে এ অঞ্চলে বসবাসরত পাহাড়িদের প্রথাগত আইন, রীতিনীতি ও ভূমি অধিকারের স্বীকৃতি রয়েছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে এ আইনকে সুরক্ষা দেওয়া। কিন্তু সরকার তা না করে আইনটি বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

বক্তরা আরও বলেন, একটি বিশেষ স্বার্থান্বেষী মহল আইনটি অকার্যকর করতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। যার মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কারবারির পদবি বিলুপ্তিসহ পাহাড়িদের প্রথাগত আইন, রীতিনীতি ও ঐতিহ্য-সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাচ্ছে।

অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা ও পিসিপির জেলা সভাপতি তনুময় চাকমা।

একই দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া বাজারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। 

দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ ধর্মঘটের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

কর্মসূচিতে ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়া সোনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালি উপজেলা শাখা সভাপতি থুইনুমং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালি উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা। 

এছাড়া রাঙামাটির সাজেক পর্যটন সড়কে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। 

সাজেকের মাচালঙে ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়।

এতে ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি সভাপতি বীর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রকাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি সুখী চাকমা, সাজেক মাচালং কারবারি ফুলেশ চাকমা, সাজেক মাচালং গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মেহেন্দ্র ত্রিপুরা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ও ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক ডায়মন্ড চাকমা।

এদিকে, একই দাবিতে খাগড়াছড়িতেও ইউপিডিএফের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফের জেলা সংগঠক লালন চাকম, পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় সভানেত্রী কণিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা। 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র চলছে। বিধিটি বাতিল হলে রাজা-হেডম্যান-কারবারিদের পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণ হবে। 

সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

২০০৩ সালে তৎকালীন বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের একটি বিভাগীয় বেঞ্চ ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে একটি মৃত আইন হিসেবে ঘোষণা করে। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল হয়। 

২০১৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে আইনটিকে ‘জীবিত ও বৈধ’ হিসেবে আখ্যায়িত করে বলবৎ রাখে।

এরপর ২০১৮ সালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি জেলার দুই বাসিন্দা আব্দুল আজিজ ও আব্দুল মালেক আবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ রায়ের বিরুদ্ধে দুটি রিভিউ পিটিশন দাখিল করেন। চলতি মাসে এই রায়ের শুনানি হওয়ার কথা রয়েছে।