মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির আব্দুল মঈন খান
তিনি নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।
এ ছাড়া জেলার পাঁচটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি, গণতন্ত্র হচ্ছে সব রোগের নিয়ামক। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করি তাহলে বাংলাদেশের সব সমস্যা সমাধান হবে। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল।
“আমরা সবসময় বলেছি, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেটির উদারপন্থি রাজনৈতিক দল এবং তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
