২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা: একজনের প্রাণদণ্ড, ২ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় একজন আদালতে হাজির ছিলেন আর দুজন পলাতক।

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা: একজনের প্রাণদণ্ড, ২ জনের যাবজ্জীবন
নুরুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 05:41 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসাছাত্র আবুল হোসেন হত্যা মামলায় একজনকে প্রাণদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় ঘোষণা করেন বলে এপিপি মাজহারুল হক জানান।

মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ফারুক জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদি গ্রামের বাসিন্দা।  

যাবজ্জীবন সাজা পাওয়া নুরুল ইসলাম ও রিয়াজ উদ্দিনের বাড়িও একই গ্রামে।

ঘোষিত রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে দশ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রায় ঘোষণার সময় নুরুল ইসলাম আদালতে হাজির ছিলেন। 

মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক হন ফারুক ও রিয়াজ উদ্দিন। 

মামলার এজাহার থেকে জানা যায়, জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদি গ্রামের রেনু মিয়ার পুত্র আবুল হোসেন (১৪) ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর নিখোঁজ হয়। দুদিন পর স্থানীয় একটি বিলের পানির নিচে বাঁশের খুঁটিতে বাধা অবস্থায় আবুল হোসেনের লাশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের মা নাছিমা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

বাদী এজাহারে অভিযোগ করেন, তার ছেলের সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আসামিরা তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে। 

কিন্তু পরে আসামি ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে সন্দেহে আবুল হোসেনকে হত্যা করে হাত-পা বাঁশের খুঁটিতে বেঁধে পানির নিচে পুঁতে রাখেন। 

আদালতে বাদী পক্ষে ছিলেন এপিপি মাজহারুল হক, আর আসামি পক্ষে ছিলেন শেখর চন্দ্র রায়।