Published : 02 Jun 2026, 05:08 PM
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে এ তথ্য জানান ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। তিনি ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ অগাস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি বলেন, সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি বলেন, মধুর বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আনা হবে।