২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহলের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, পাবনায় আব্দুর রহমান

“পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

আন্তর্জাতিক মহলের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, পাবনায় আব্দুর রহমান

দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুর রহমান।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 06:47 PM

Updated : 01 Aug 2023, 06:47 PM

আন্তর্জাতিক মহলের নামে ভিত্তিহীন বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

তিনি বলেন, “বিশ্বমোড়লদের আধিপত্যবাদের লড়াইয়ে নিরপেক্ষ অবস্থানে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। এরই মধ্যে তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। ধোঁকাবাজি, গলাবাজি করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না “

মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, “পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “একটি রাজনৈতিক দল সরকার পতনের দাবিতে মানুষ পোড়ানো, গাড়ি ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টির অপরাজনীতি শুরু করেছে। তবে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ শক্তিকে সঙ্গে নিয়েই তাদের বিরুদ্ধে লড়াই করবে আওয়ামী লীগ।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। জনগণের ম্যান্ডেট নিয়েই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।”

এসময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করতে আহ্বান জানান তিনি।

জনগণের সামনে শেখ হাসিনার সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরতেও পরামর্শ দেন।

এর আগে শোকের মাস অগাস্টের প্রথম দিনে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই নেতা।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।