১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ছাত্রলীগ পরিচয়ে’ এমসি কলেজ ছাত্রাবাসে হামলা, শিক্ষার্থী আহত

ঝগড়ার মীমাংসা করতে গিয়ে হামলায় এক শিক্ষার্থীর চোখে গুরুতর জখম হয়েছে।

‘ছাত্রলীগ পরিচয়ে’ এমসি কলেজ ছাত্রাবাসে হামলা, শিক্ষার্থী আহত

আহত এ কিউ এম শামসুল হুদা ইমরান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 10:14 PM

Updated : 23 Jun 2023, 10:14 PM

সিলেট এমসি কলেজে ‘ছাত্রলীগ পরিচয় দেওয়া’ একদল যুবকের হামলায় এক শিক্ষর্থী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে কলেজের পঞ্চম ছাত্রাবাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। 

আহত এ কিউ এম শামসুল হুদা ইমরান কলেজের ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
শুক্রবার বিকালে শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে ছাত্রবাসে নিজ রুমে ছিলাম। এ সময় উচ্চৈস্বরে কথাবার্তা শুনে এগিয়ে গিয়ে দেখি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি (বহিরাগত) মাহিন তালুকদার পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের [স্নাতকোত্তর] শিক্ষার্থী রাফসানের উপর চড়াও হয়েছেন। 

“ঘটনাস্থলে গিয়ে মীমাংসার চেষ্টা করলে মাহিন রড দিয়ে আমার উপর হামলা চালান। এতে আমার চোখ ও ঠোঁট জখম হয়। পরে সহপাঠীরা আমাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চোখের উপরের অংশে পাঁচটি সেলাই পড়ে।” 

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন শামসুল হুদা।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের মাহিন তালুকদারকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

 শাহপরাণ থানার ওসি আবুল খায়ের জানান, কলেজ হোস্টেলে কী ঘটেছে তা জানতে পুলিশ পাঠানো হয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ বলেন, “কলেজে একটা ঝামেলা হয়েছে। রাতেই সেখানকার সিনিয়র নেতারা সেটি সমাধান করেছেন বলে শুনেছি।” 

এমসি কলেজের অধ্যক্ষ আবু এনাম রিয়াজ বলেন, কলেজের হোস্টেলের রাস্তায় শরীরে সাইকেল লাগা নিয়ে হাতাহাতি হয়েছে। এতে শামসুল হুদা আহত হয়েছেন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। 

বহিরাগতরা (ছাত্রলীগ) কীভাবে কলেজের ছাত্রাবাসে থাকেন এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, “তারা সবসময় থাকেন না, সিলেট আসলে মাঝেমধ্যে থাকেন। পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে।”