২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

সৌর বিদ্যুতের খুঁটি তোলার সময় বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে লেগে দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতদের স্বজনের আহাজারি

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 06:24 PM

Updated : 26 Aug 2022, 06:24 PM

কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশ থেকে বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

নিহতরা হচ্ছেন- গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শন কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক হোসেন (২২)।

আহতরা হচ্ছেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

স্থানীয়রা জানায়, সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের একটি খুঁটি তুলে হরিজন পল্লীর ভেতরে বসানোর সময়ে খুঁটিটি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে লেগে যায়। এতে ওই খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে গেলে ছয়জন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, “সৌর প্যানেলটি পৌর কর্তৃপক্ষের। সেটা পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আর জায়গাটি রেলওয়ের।”

“এরপরও খুঁটি সরানো বা স্থাপনের কাজ ঝুঁকিপূর্ণ হলে আমাদেরকে জানানো হলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তবে আমাদেরকে না জানিয়ে ঝুঁকিপূর্ণ কাজটি করতে গিয়ে দুর্ঘনাটি ঘটে।”

ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এ ছাড়া এই ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।