২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া কালী মূর্তি ও অলংকার উদ্ধার

গ্রেপ্তার চারজনের তথ্যের ভিত্তিতে ২০ কেজি ওজনের কষ্টি পাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 06:56 PM

Updated : 27 Sep 2026, 07:30 PM

ফরিদপুর শহরের সদর হাসপাতাল সংলগ্ন পুরাতন কালীবাড়ীর উত্তর মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রূপার অলংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর রাতে মন্দিরের তালা কেটে কালীমূর্তিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচ থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচ ভরি স্বর্ণের অলংকার, ৩০ ভরি রূপার অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি করা অলংকার গলিয়ে তৈরি করা আট আনা স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।