রাত ১০টার মধ্যে হলে ফিরতে হবে শাবি ছাত্রীদের
সার্বিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের নোটিশ বোর্ডে টানানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভারপ্রাপ্ত প্রভোস্ট জোবেদা কনক খান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে পূর্বের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাইরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সকল ছাত্রীদের রাত ১০ টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত ১০টার পর হলে প্রবেশ করতে নিজ নিজ হল বা বাইরের হলসমূহের দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, কক্ষ নম্বর ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে।
বিজ্ঞপ্তির বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রভোস্ট জোবেদা কনকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী প্রভোস্ট সাবরিন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সত্য। বিশ্ববিদ্যালয় ছাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে এটা দেওয়া হয়েছে।”
বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রী সাবরিনা শাহরীন রশিদ বলেন, “আমরা নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি দেখেছি।”
এ বিষয়ে তিনি আর কোনো কথা বলেননি।
