ফরিদপুরে জমিদারবাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
ইউএনও বলেন, জমিদারবাড়িটির উত্তরসূরি যুক্তরাজ্য প্রবাসী স্থপতি মেরিনা তাবাসসুম একটি মসজিদ নির্মাণ করেছেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিদারবাড়ি পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।
শুক্রবার দুপুরে উপজেলার বুড়াইচ গ্রামে খান বাহাদুর জমিদারবাড়িতে নবনির্মিত একটি মসজিদ পরিদর্শনে যান ব্রিটিশ হাইকমিশনার ও তার সহধর্মিনী তেরেসা আলবার্ট।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির, আলফাডাঙ্গার ইউএনও রফিকুল হক, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের তাদের সঙ্গে ছিলেন।
ইউএনও রফিকুল হক বলেন, জমিদারবাড়িটির উত্তরসূরি যুক্তরাজ্য প্রবাসী স্থপতি মেরিনা তাবাসসুম একটি মসজিদ নির্মাণ করেন।
“নবনির্মিত এ মসজিদ দেখার আমন্ত্রণে ব্রিটিশ হাইকমিশনার ও তার সহধর্মিনী এ পরিদর্শনে আসেন। পাশাপাশি তারা জমিদারবাড়িও ঘুরে দেখেন।”
দেড় ঘণ্টার মত সেখানে অবস্থানের পর সড়কপথে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। স্থানীয় প্রশাসন তাদের নিরাপত্তায় ছিল বলে জানান ইউএনও রফিকুল হক।
