২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘ক্লাবের দখল নিয়ে’ আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

এ ঘটনায় আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 06:24 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘ক্লাবের দখল নিয়ে’ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম।

আহতদের মধ্যে একজনকে ঢাকায় এবং তিনজনকে পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার এবং ওসি শফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের খোঁজ-খবর নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরপাড় গ্রামের শতাধিক সদস্য নিয়ে ‘উদয় সংঘ’ নামে একটি ক্লাব রয়েছে। সম্প্রতি ওই ক্লাব থেকে বিএনপির অনুসারীদের বহিষ্কারের আলোচনা করেন আওয়ামী লীগের লোকজন।

শনিবার সন্ধ্যায় ক্লাবে সভা ডেকে বিএনপির অনুসারীদের একত্রিত করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন; যাদের মধ্যে ২০ জন বিএনপির নেতাকর্মী।

ওসি শফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে পুকুরপাড় গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী আবুল কালাম, আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কালাম, গাজী, জব্বার, ঈমন, মমিন, ছাব্বির, শাহিন, হেলাল, তালেব এবং আলো প্রমানিককে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ছাড়া আহত নিজারত আলী, সাহাদত ও ছানোয়ার হোসেনকে পাবনা মেডিকেল কলেজ হাসাপাতালে এবং আব্দুল মালেককে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলাম, সানোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, রওশন আলী এবং শাহ আলমকে আটক করা হয়েছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।

ইউএনও নাজমুন নাহার বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও ঢাকায় পাঠানো হয়েছে।