‘রাতে ডাকাতি, দিনে অন্য পেশা’
ময়মনসিংহের নান্দাইল বাজারে ডাকাতির ঘটনায় আরও তিন জন আটক। স্বর্ণালংকার ও রূপার অলংকার উদ্ধার।
ময়মনসিংহের নান্দাইল বাজারে ডাকাতির ঘটনায় ‘আন্তঃজেলা ডাকাত দলে’র আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুন্ঠিত স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করা হয়।
বুধবার সকালে ময়মনসিংহে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুইয়া এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, ডাকাতির বিষয়টি আড়াল রাখতে তারা রাতে ডাকাতি করলেও দিনের বেলায় তারা রিকশা, ইজিবাইক চালাতেন। একইসঙ্গে ডাকাতির নতুন স্থানও সন্ধান করতেন তারা।
গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের হাসমত বেপারী (৪৩), শরীয়তপুর জেলার মাওসার গ্রামের জসিম ওরফে মুন্না (৩৯) এবং চাঁদপুর জেলার পুরানপুর গ্রামের ইকবাল হোসেন (৩৫)।
এর আগে ১০ অক্টোবর এই আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য জসিম বেপারী (৩৫), শামছুদ্দিন মোল্লা (৩৫), আসাদুল (২৫), শেখ সুজন (৩৩)কে গ্রেপ্তার করা হয়। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরে তাদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার সকালে ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর থেকে ডাকাত সর্দার হাসমত ও জসিম উদ্দিন মুন্না এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকা থেকে স্বর্ণের দোকানদার ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ইকবালের দোকান থেকে লুন্ঠিত ১১ আনা স্বর্ণালংকার ও ৭০ ভরি রূপার অলংকার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, ডাকাত হাসমত বেপারী গত ১১ সেপ্টেম্বর নান্দাইলে শ্বশুর বাড়িতে বেড়ানোর অজুহাতে এসে রাতভর ডাকাতির পরকিল্পনা করে।
পরে ২৩ সেপ্টেম্বর রাতে ককটেল, দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, রশি, লোহার রড, রামদা, শাবলসহ ডাকাতির সরঞ্জামসহ ১৬ জনের ডাকাত দলটি ঢাকা থেকে নান্দাইল বাজারে আসে।
তারা বাজারের বিভিন্ন অলি-গলিতে ঘোরাফেরা করে রাত আড়াইটার দিকে সাত নৈশ্প্রহরী ও এক পথচারীকে মুখে গামছা, হাত-পায়ে রশি বেঁধে একটি চায়ের দোকানের ভেতর অবরুদ্ধ করে রাখে।
এ সময় ডাকাতরা দুটি জুয়েলারি দোকান ও একটি ফলের দোকানে ডাকাতি করে ১৭ ভরি স্বর্ণালংকার, ৯০ ভরি রূপার অংলকার, দুটি মোবাইল সেট এবং নগদ চার লাখ ৬২ হাজার টাকা লুট করে।
পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ডাকাতির ঘটনায় ২৬ সেপ্টেম্বর আনজু মিয়া, জুয়েলারি দোকানের মালিক আব্দুল মতিন মীর ও রফিকুল ইসলাম নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তাররা একাধিক দলে বিভক্ত হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় র্দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে।
হাসমত বেপারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, চুরিসহ মোট ১১টি মামলা রয়েছে। পলাতক এবাদুলের বিরুদ্ধে রয়েছে ১৩টি মামলা।
এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
