বগুড়ায় নির্বাচনি বুথ থেকে বহিরাগত পৌর কাউন্সিলর আটক
“বহিরাগতরা এমন কাজ ভোটের সময় করতে পারবেন না। তাই তাকে আটক করে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর নির্বাচনি বুথ থেকে শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয় বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম জানান।
আটক শুভ ইমরান শাজাহানপুর উপজেলা নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রের বাইরে কাজ করছিলেন বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, “শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ ইমরান বহিরাগত। তিনি বামুনিয়া কেন্দ্রে এক প্রার্থীর হয়ে স্লিপ বিতরণ করছিলেন।
“বহিরাগতরা এমন কাজ ভোটের সময় করতে পারবেন না। তাই তাকে আটক করে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কাউন্সিলর শুভ ইমরান আপাতত থানা হেফাজতে রয়েছেন।
শাজাহানপুর উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
