ভারি বৃষ্টিতে বাঁধ নিয়ে শঙ্কায় খুলনাবাসী
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, “সোমবার ভোরে হরিণখোলা ও গাতিরঘেরীর বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয়দের নিয়ে মেরামতের কাজ চলছে।”
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে খুলনায় রোববার মধ্যরাত থেকেই ভারি বৃষ্টি ঝরছে, বেড়েছে বাতাসের গতিবেগও। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি বাড়তে থাকায় কয়রা উপজেলার বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন উপকূলীয় জনপদের মানুষ।
খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন,সোমবার সকাল থেকে খুলনা ও আশেপাশে জেলায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত খুলনায় রেকর্ড করা হয়েছে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত। দুপুরে খুলনাতে ১৫-২০ কিলোমিটার গতিবেগে বাতাস বইলেও ধীরে ধীরে তা আরও বাড়ছে।
ঘূর্ণিঝড় আইলা, সিডর ও আম্পানের পরে আবারও সিত্রাং এর আঘাতের খবরে জলোচ্ছ্বাসের শঙ্কায় রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে জেলার কয়রা উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষেরা। ঝড়ে যে কয়টি জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকে তার মধ্যে কয়রার কপোতাক্ষ নদী তীরবর্তী এলাকা একটি। এলাকাটি জেলা শহর থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণে।
পাউবো ও স্থানীয়রা জানান, এখানে দেড়শ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এর কিছু অংশ ঝুঁকিপূর্ণ, কিছু অংশ অতি ঝঁকিপূর্ণ। সকালে কয়রার বাঁধে ফাটল দেখে নিজেদের চেষ্টায় সেই বাঁধ রক্ষার চেষ্টার করে স্থানীয়রা।
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, “ঝড়ের চেয়ে আমাদের বেশি ভয় বেড়িবাঁধ নিয়ে। আগে থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ কোনোরকমে টিকে আছে। নদীর পানি বাড়লেই বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। সরকার নতুন করে এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিলেও কাজ শুরু হয়নি।”
চেয়ারম্যান আরও বলেন, “সোমবার ভোরে হরিণখোলা ও গাতিরঘেরীর বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয়দের নিয়ে মেরামতের কাজ চলছে। উপজেলার হোগলা, দোশহালিয়া, মদিনাবাদ লঞ্চঘাট, ঘাটাখালী, গাববুনিয়ার, আংটিহারা, ৪ নম্বর কয়রা সুতির গেট ও মঠবাড়ির পবনা পর্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে।”
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, “টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আমাদের বহুদিনের। ঘূর্ণিঝড় আইলার পর থেকেই এ দাবিতে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু বেড়িবাঁধ নির্মাণের আশ্বাসে আশ্বাসেই পার হয়েছে এক যুগ।”
কয়রা উপজেলার বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন বলেন, উপকূল সুরক্ষায় অর্ধশত বছরেরও আগে নির্মিত বেড়িবাঁধ এখন আর সামাল দিতে পারছে না সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাসের ধাক্কা।
“উপকূলের পানি এবং মাটি ক্রমশ লবণাক্ত হয়ে উঠছে এবং ধান চাষ করা বেশি কঠিন হয়ে পড়ছে। তাই সাম্প্রতিক দশকগুলিতে বৈদেশিক মুদ্রার স্বার্থে এই অঞ্চলে লোনাপানিতে চিংড়ির চাষ বৃদ্ধি পেয়েছে।”
ইমতিয়াজ আরও বলেন, চিংড়ি চাষের কারণে যথেচ্ছভাবে বেড়িবাঁধ কাটা হয়। চিংড়ি চাষিরা বেড়িবাঁধ ছিদ্র করে কৃষিজমিতে নোনাপানি তোলেন। এতে বাঁধ মারাত্বকভাবে দুর্বল হয়ে পড়ছে। যে কারণে বাঁধ টিকছে না।”
খুলনা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানির উচ্চতা এবং চাপে অনেক স্থানের দুর্বল বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।
খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, “কয়রা, পাইকগাছা ও দাকোপের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এসব উপজেলায় চলছে মাইকিং। যারা ঝুঁকির মধ্যে আছে, তাদের যাতে নিরাপদে সরিয়ে নেওয়া যায়-সেজন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।”
জেলার ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জনের জন্য ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
