২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, আহত ২

আহত সুলতান সরকার বলেন, বিএনপি নেতাদের নেতৃত্বে প্রায় ২৫–৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে ভুঁড়ি-ভোজের আয়োজন করেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 12:29 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর এবং দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

রোববার রাত ১১টার দিকে সিংড়া সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর।

আহতরা হলেন- সুংড়ার মৌগ্রাম এলাকার লালমন সরকারের ছেলে সুলতান সরকার এবং মহসীন আলীর ছেলে আব্দুল আহাদ। 

আহত সুলতান সরকার বলেন, রোববার রাতে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫–৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে ভুঁড়ি-ভোজের আয়োজন করেন। 

এ সময় এনসিপির সমর্থকরা তাদের কার্যালয়ের সামনে থেকে সরে অন্যত্র পিকনিক করার অনুরোধ জানান। এ নিয়ে সেখানে উপস্থিত এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

“পরে বিএনপি কর্মীরা আমাদের নির্বাচনি অফিসে হামলা চালিয়ে চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং আহাদ আলী ও আমাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। ”

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। 

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বলেন, “এনসিপি কর্মীরাই নিজেদের অফিসের চেয়ার-ভাঙচুর করেছে। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।”

এ বিষয়ে সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।”

তবে কেউ এখনো কোনো অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।