২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হামের উপসর্গে ১৯ জন ভর্তি, চলছে টিকাদান

সিভিল সার্জন বলেন, জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে।

শেরপুরে হামের উপসর্গে ১৯ জন ভর্তি, চলছে টিকাদান
ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 06:00 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

শেরপুরে হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ১৯ রোগী ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন মুহাম্মদ শাহিন এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ৯৪ রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।

“২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১৯ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন মুহাম্মদ শাহিন বলেন, জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

জেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট এক হাজার ৩৩৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।

এই কর্মসূচি ১০ মে পর্যন্ত চলবে।