২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সংঘর্ষের মধ্যে হলের কক্ষে ভাঙচুর, ক্ষতিপূরণ চান ছাত্রলীগ নেতা

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 08:12 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের মধ্যে হলের কক্ষে ভাঙচুরের অভিযোগ এনে ক্ষতিপূরণ চেয়েছেন একই সংগঠনের এক নেতা। 

বুধবার বিকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষকে লিখিত অভিযোগ দেন হল ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আতিকুর রহমান।

লিখিত অভিযোগে ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে আতিকুরের কক্ষে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরসহ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।

শনিবার রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত চলা এ সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণসহ ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আতিকুর রহমান লিখিত অভিযোগে বলেন, “১১ মে রাত সাড়ে ১২টার দিকে হল শাখা ছাত্রলীগের বিতর্কিত সভাপতি নিয়াজ মোর্শেদ রাজনৈতিক প্রতিহিংসার জেরে তালা ভেঙে আমার ১৯৪ নম্বর কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। 

“আমার রুমে থাকা একটি ল্যাপটপ, দুটি ফ্যান, লাইট, ঘড়ি ও রুমের আসবাবপত্র ভাঙচুর করে এবং ড্রয়ারে থাকা মোবাইল বিক্রির ২৬ হাজার টাকা লুট করে।”

আতিকুর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এদিকে, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়াজ মোর্শেদসহ চারজনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

জানতে চাইলে নিয়াজ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দিন ঘটনার সময় আমার কর্মীরা হলের ছাদে ছিল। আমি সেই সময় হলে ছিলাম না। আমার নামে দেওয়া এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। কক্ষ ভাঙচুর বা টাকা লুটপাটের বিষয়ে আমি কিছু জানি না।”

শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, “ইতিমধ্যে ওই শিক্ষার্থীর অভিযোগ গ্রহণ করা হয়েছে।”

এছাড়াও তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সেদিন রাতের ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন:

রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চার নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, হাতবোমা বিস্ফোর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে ‘হত্যার হুমকি’, অস্ত্র দেখিয়ে মিছিল