Published : 21 Apr 2026, 07:07 PM
খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা অভিযানে নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলের সময় পাহাড় কাটার স্থানে একদল ব্যক্তিকে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেখেন। পরে তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউএনও ফারিয়া সুলতানা বলেন, “পাহাড় কাটার অভিযোগে তিন শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পাহাড়ের মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে।
“বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রত্যেককে এ দণ্ড প্রদান করা হয়।”
তিনি বলেন, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং সেখানে ব্যাপক পরিমাণ মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।