২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবার পেল নতুন ঘর

বেগমগঞ্জ উপজেলায় সুবিধাভোগী ৯০টি পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবার পেল নতুন ঘর
নোয়াখালীর বেগমগঞ্জে সুবিধাভোগী ৯০টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে সরকারিভাবে নতুন ঘর করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব ঘর নির্মাণ করা হয়। 

বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজিপুরে সুবিধাভোগী ৯০টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয় বলে জানান নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। 

গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। একযোগে দেশের চার জেলায় এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

নোয়াখালীর অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। নতুন ঘরের চাবি হাতে পেয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরিবারগুলো। 

জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, গত বছর অগাস্টে নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় আট হাজার কাঁচা ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়ে অনেক পরিবার। 

‘বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র-গৃহহীন মানুষদের নিজ বসতভিটায় বিশেষ আবাসন প্রকল্পের’ আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৯০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। 

প্রতিটি ঘর নির্মাণে সাত লাখ টাকা করে খরচ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।