২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ চোরা পথে ফেরার স্বপ্নে বিভোর: রিজভী

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

আওয়ামী লীগ চোরা পথে দেশে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি সাম্প্রতিক বোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগের প্রসঙ্গ এনে বলেন, “শেখ হাসিনা ১৪০০ শিশু, কিশোর, তরুণ হত্যা করে এখন ভারত বসে অডিও বার্তা পাঠিয়ে নাশকতার নির্দেশ দিচ্ছেন। তাদের নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, একজন পুড়ে মারা গেছেন। 

“তাদের হাতে প্রচুর টাকা আছে। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ তাদের দখলে। সব টাকা আটকানো যায়নি। সেই টাকা খরচ করেই তারা নাশকতা চালানোর চেষ্টা করছে। তারা কোনো চোরা রাস্তা দিয়ে দেশে ফেরার স্বপ্নে বিভোর।”

মঙ্গলবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন। পরে জিয়াউর রহমানের সময়ে এসে রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে আসে। এটাই ৭ নভেম্বরের তাৎপর্য ও কৃতিত্ব- এটা কেউ অস্বীকার করতে পারবে না।”

“ফ্যাসিবাদ যেখানে জন্ম ও বিকাশ লাভ করে, সেখানে ন্যূনতম গণতন্ত্রের কোনো স্থান থাকে না। ফ্যাসিবাদের ছোবলে নির্বাচন কমিশন, গণতন্ত্র ও এর প্রতিষ্ঠান, সংবাদপত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠানও রক্ষা পায় না। শেখ হাসিনা এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিলেন।”

বিএনপি নেতা বলেন, “এ সময়ে ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক সহাবস্থান ছিল না। আমাদের ছাত্রদলের ছেলেরা চায়ের দোকান বা শ্রেণিকক্ষ- কোথাও বসতে পারেনি। গত ১৫ বছর বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এ নিপীড়নের শিকার হয়েছে।”

৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, “সেদিন জনগণ সিপাহীদের সঙ্গে মিশে এক জনস্রোত তৈরি করেছিল। বাহাত্তরের পর থেকেই শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিলেন। তিনি সবাইকে বাঙালি হতে বলেছিলেন। প্রশ্ন হলো- আমরা কোন দেশের বাঙালি? আমাদের চাকমা, মারমা ভাইয়েরা কীভাবে বাঙালি হবেন? এর পরিবর্তে জিয়াউর রহমান আনলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মধ্যে পাহাড়, সমতল, নদী- সবই অন্তর্ভুক্ত। আমাদের এই আত্মপরিচয়ের সংকট তিনি নিরসন করেছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেটা মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।”

সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, “ছাত্রদল অতীতের সব অন্যায়-জুলুমের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না এলেও এ থেকে শিক্ষা নিয়ে সামনে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সভায় সভাপতিত্ব করেন।