Published : 23 Apr 2026, 04:22 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয় বলে শৈলকুপা থানার ওসি হুমাইয়ুন কবির মোল্লা জানিয়েছেন।
নিহত ৭৫ বছর বয়সী মোহন শেখ; তার বাবার নাম মতলেব শেখ।
নিহত মোহনের ভাই হাসপাতালে চিকিৎসাধীন আমিরুল শেখ বলেন, তাদের গ্রামে দুটি সামাজিক দল আছে। একদল জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থক। আর প্রতিপক্ষ দল শৈলকুপা উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল বাসার তরিকুল ইসলাম সাদাতের সমর্থক।
তিনি বলেন, “গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে সাদাতের সমর্থকরা জাহিদের সমর্থক একজনকে মারধর করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
“পরে বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রামে যাবে বলে জানানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে সাদাতের সমর্থকরা জাহিদের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে শৈলকুপা থানার ওসি হুমাইয়ুন কবির মোল্লা বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।