Published : 24 Jul 2026, 11:44 PM
সরকারকে ‘কার্ডের খেলা না খেলে’ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক বলেন, “সরকারকে আমরা বলেছি, বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন।
“বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ে যেসব তরুণ শিক্ষিত অথবা শিক্ষাহীন অবস্থায় রয়েছেন, তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে না পারেন, দেশের অর্থনীতির কোনও পরিবর্তন হবে না।”
‘জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। 
সরকারের দেওয়া কার্ড সত্যিকার অর্থে দুর্দশাগ্রস্ত মানুষদের কাছে পৌঁছানো নিয়ে সন্দেহ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “অতীতে আমরা দেখেছি এগুলো দলীয় লোকজন পায়, গরীব মানুষ পায় না।
“সরকারের প্রতি আহ্বান থাকবে, যেসব কার্ড দিচ্ছেন, সেটা যাতে যথাযথভাবে যারা আসলেই দুর্দশাগ্রস্ত তারা যেন পায়। দলীয়করণ যাতে না করা হয়।”
চব্বিশের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে এনসিপি নেতা বলেন, “জুলাইয়ে লাখ লাখ তরুণ রাজপথে নেমেছেন, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন। আমরা দেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না, কোনো দুর্নীতি দেখতে চাই না, সন্ত্রাসবাদ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ দেখতে চাই না।”
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।