০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল আদালতে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে মামলা

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 09:22 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার রাতে কোতয়ালী মডেল থানার এসআই মুহাম্মাদ কামরুল হায়দার রুবাইয়াৎ মামলাটি করেন বলে জানান থানার ওসি আল মামুন উল ইসলাম।

ওসি বলেন, মামলায় পূর্বপরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জীবন ও সম্পত্তির ক্ষতি এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।

আল মামুন উল ইসলাম বলেন, “তদন্ত চলছে। দুই-একদিন পরে হয়তো কিছু বলতে পারব।”

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে আদালতের প্রধান ফটক থেকে প্রায় ১০ গজ দূরে বিস্ফোরণটি ঘটে। এতে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে আদালত চত্বরে থাকা লোকজন ছোটাছুটি শুরু করেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাদামাটি, বারুদের অংশ, কাচের পাঁচটি টুকরা, জর্দার কৌটার মুখ এবং বোমার প্যাকেটিংয়ে ব্যবহৃত একটি খাকি খাম উদ্ধার করে।

আরও পড়ুন: 

বরিশাল জেলা জজ আদালতের ফটকের সামনে বোমা বিস্ফোরণ