২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলন: এনায়েতপুরে নিহত ৩ জনের লাশ কবর থেকে না তোলার দাবি

“স্বামী হারিয়ে এমনিতে আমরা দিশেহারা। এখন মরা মানুষকে নিয়ে টানাটানি শুরু হয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 04:59 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তিনজনের লাশ কবর থেকে না তুলতে এবং নিহতের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।

রোববার সকালে নিজ নিজ বাড়িতে পৃথক সংবাদ সন্মেলনে নিহতদের স্বজনরা এসব দাবি জানান। এ সময় নিহতদের পরিবারের অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।  

নিহতরা হলেন-বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাদ্রাসা ছাত্র সিয়াম হোসেন ও একই উপজেলার মাধবপুর গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে কলেজ ছাত্র শিহাব উদ্দিন ও পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের শাহজাহান আলীর ছেলে ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া।

সংবাদ সন্মেলনে শিহাব উদ্দিনের মা শাহনাজ বেগম বলেন, “আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই ছেলের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় আমরা পুরো পরিবার চরম কষ্ট পাচ্ছি। এ অবস্থায় মামলা করে আমরা কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি করতে চাই না। ছেলে হত্যার ঘটনায় থানায় বাদী হয়ে যে ব্যক্তি মামলা করেছে, তাকে আমরা চিনি না।

“আমরা কাউকে মামলা করার অনুমতিও দেইনি। তাই দায়ের হওয়া মামলা চালানোর কোনো প্রশ্নই আসে না। আমরা চাই, এই মামলা প্রত্যাহার করা হোক। পুলিশ যেন মামলা প্রত্যাহার করে নেয়। অহেতুক নিরাপরাধ লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে শহীদ সন্তানের আত্মাকে কষ্ট দিতে চাই না, আর আমিও পাপের ভাগিদার হতে চাই না।”

ছেলের মৃতদেহ কবর থেকে উত্তোলন এবং কাঁটা-ছেঁড়া না করার অনরোধ জানিয়ে তিনি বলেন, “যারা উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য সন্তানের লাশ ব্যবহার করে ব্যবসা করতে চায়, যারা নিরাপরাধ ব্যক্তিদের নামে মামলা দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”  

যাদের আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা তাদের প্রতি যেন যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হয় সেই দাবির পাশাপাশি সরকারি সহযোগীতাও দাবি করেন তিনি।

মাদ্রাসা ছাত্র সিয়াম হোসেনের বাবা আব্দুল কুদ্দুস বলেন, “ছেলে সিয়াম থানার সামনে পুলিশের গুলিতে মারা গেছে। খবর পেয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেলের মৃতদেহ এনে দাফন করেছি। কে বা কারা এ বিষয়ে থানায় মামলা করেছে, বাদী কে, তাকেও আমরা চিনি না। মামলা করতে আমাদের অনুমতি নেওয়া হয়নি।

“পুলিশ এসে বলে গিয়েছে ময়নাতদন্তের জন্য আমার ছেলের লাশ কবর থেকে উত্তোলন করতে হবে। আমি ছেলের লাশ কবর থেকে উত্তোলন করতে দেব না। আমরা তো মামলা করি নাই, লাশ কেন তুলবে?। পুলিশের গুলিতে আমার ছেলে মরেছে, পুলিশও মরেছে। এই বিচার সরকারের কাছে চাই, কিন্তু আমার হাফেজ ছেলের লাশ কবর থেকে তুলতে দেব না।”   

ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন বলেন, “গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তার স্বামী ইয়াহিয়া পুলিশের গুলিতে নিহত হয়। কিছু লোক আমাদের বাড়িতে এসে পুরো পরিবার ও সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলে আমার কাছ থেকে একটা সই নেয়। এরপর লোকমুখে জানতে পারি, তারা ওই সই দিয়ে থানায় এজাহার দিয়েছে। মামলার বিষয় আমি কিছুই জানি না।”  

তিনি বলছিলেন, “কয়েকদিন আগে থানা থেকে পুলিশ এসে জানিয়েছে, আমার স্বামীর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে হবে। আমি স্বামীর মৃতদেহ কবর থেকে তুলতে দেব না। নতুন করে আর শোক নিতে পারবো না।

“স্বামী হারিয়ে এমনিতে আমরা দিশেহারা। এখন মরা মানুষকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। আমার চাওয়া একটাই, আমার স্বামী যেন শহীদের মর্যাদা পায় এবং যে পুলিশ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে তাদের যেন বিচার হয়।”

এ সময় পরিবারের সহায়তায় সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

কলেজ ছাত্র শিহাব হত্যা মামলার বাদী এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলায়মান হোসেন মোবাইল ফোনে বলেন, “শিহাবেব বাবা বিদেশে থাকে। মানসিক চাপের কারণে স্বজনরা মামলা করতে সাহস পায়নি। হত্যা মামলায় যে কেউ বাদি হতে পারে, তাই আমি নিজে বাদী হয়ে মামলাটি করেছি।

তিনি বলেন, “আমি ঢাকায় থাকি, তারপরও অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি তো সত্য মামলা করেছি।”

এদিকে মাদ্রাসা ছাত্র সিয়াম হত্যা মামলার বাদী এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হযরত আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।  

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, ৪ অগাস্ট এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজ ছাত্র শিহাব, মাদ্রাসা ছাত্র সিয়াম ও ব্যবসায়ী ইয়াহিয়া গুলিতে মারা গেছে। তাদের লাশ স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছে। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। হত্যা মামলায় নিহতের লাশ ময়নাতদন্ত করা বাধ্যতামূলক। ফলে নিহতদের মৃতদেহ কবর থেকে তুলতে আদালতে আবেদন করা হয়েছিল।

“১০-১২ দিন আগে আদালত লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন এবং পৃথক তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। বিষয়টি আমরা নিহতদের পরিবারকে অবগত করেছি। তারা লাশ উত্তোলন না করে মামলা নিস্পত্তি বা তদন্ত করার জন্য পরামর্শ দিয়েছেন।”

তিনি বলেন, “আমরা লাশ উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও যদি পরিবার রাজি না হয়, তাহলে আমরা বিষয়টি আদালতকে জানাব। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”