২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিহার অধ্যক্ষের লাশ: প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করছে পুলিশ

শনিবার দুপুরে রোয়াংছড়ির মন্দিরের অধ্যক্ষ এফ দীপঙ্কর মহাথের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বিহার অধ্যক্ষের লাশ: প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করছে পুলিশ
রোববার সংবাদ সম্মেলনে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 11:42 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার আর্যগুহা ধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এফ দীপঙ্কর মহাথের ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

ভান্তেকে হত্যা করা হয়েছে- ভক্তদের এমন দাবির পর রোববার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ধারণার কথা বলেন পুলিশ সুপার সৈকত শাহীন।

তিনি বলেন, “গতকাল মন্দিরে ড. এফ দীপঙ্কর ভান্তের ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। পরে থানা ও গোয়েন্দা পুলিশের উপস্থিতে লাশ নামানো হয়। তারপর সুরতহাল প্রতিবেদন তৈরি করি। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়।

“বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। ময়নাতদন্তে চিকিৎসকদেরও প্রাথমিকভাবে এরকম মনে হয়েছে- এটা একটা আত্মহত্যা।

“তারপর চিকিৎসকরা পুরোপুরি রিপোর্ট দিতে পারবেন। ভিসেরা রিপোর্ট পাব। প্রাথমিকভাবে যেটা বলেছি- এটা ফাইনাল রিপোর্ট না।”

পুলিশ সুপার বলেন, “তবে এটা হত্যা বা আত্মহত্যা যাই হোক না কেন- আমরা কিন্তু তদন্ত করছি। এটার মধ্যে কোনো কিছু আছে কিনা বা রহস্য আছে কিনা। সেটাকে মাথায় নিয়ে তদন্ত করছি। থানা ও গোয়েন্দা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”

সৈকত শাহীন বলেন, “তিনি যেহেতু ধর্মীয় গুরু ছিলেন। আমরা যতটুকু জেনেছি, তিনি ভাল মানুষ ছিলেন। একদিকে আমরা শোকাহত, অন্যদিকে আইনগত দিকে গুরুত্ব দিয়ে সহযোগিতা করছি। তদন্ত করছি। আশা করি, অচিরেই এটার রহস্য উদঘাটন করতে পারব।”

শনিবার দুপুরে জেলা শহর লাগোয়া রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় আর্যগুহা ধুতাঙ্গবিমুক্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এফ দীপঙ্কর মহাথের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

এটাকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে রাতে বান্দরবান শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তার শিষ্যরা।

ময়নাতদন্ত শেষে ভান্তের মরদেহ রোববার তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ফরাঙ্গী এলাকায় নেওয়া হয়েছে। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে সমাহিত করা হবে।

এফ দীপঙ্কর মহাথের ২০১৬ সাল থেকে ওই বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান।

পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ‘অশোক শিলালিপি’র উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

‘লুট করা অস্ত্র উদ্ধার করতে পারব’

সংবাদ সম্মেলনে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের প্রসঙ্গে পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, “পুলিশের লুট করা অস্ত্র ও ব্যাংক ডাকাতির টাকা যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করতে পারব। সে উদ্দেশ্য মাথায় নিয়ে পরিকল্পনা অনুযায়ী যৌথ অভিযান চলছে।

“রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি সংঘটিত হওয়ার পর কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়। অভিযানের শুরু থেকে কেএনএফের বেশ কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। তাদের নামে মামলা হয়েছে এবং বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।”

গ্রেপ্তার কেএনএফ সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে সৈকত শাহীন বলেন, “তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছি। সেই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে বর্তমানে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।”

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমিও (প্রশাসন ও অর্থ) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বান্দরবানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার