২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসুর প্রথম অধিবেশন, মাসব্যাপী ১২ কর্মসূচি ঘোষণা

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ৩৫ বছর রাকসুর তহবিলে জমা হওয়া অর্থের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছেন নবনির্বাচিত প্রতিনিধিরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে এক মাসের জন্য ১২ দফা কর্মসূচির ঘোষণা করা হয়।

বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস. এম. সালমান সাব্বির।

কর্মসূচির মধ্যে রয়েছে- রাকসু তহবিলের সঠিক হিসাব প্রকাশ, সুইমিংপুলে ডুবে নিহত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান, শিক্ষার্থী জারাফার পরিবারের চিকিৎসায় তহবিল সংগ্রহ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি, সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনা (অধ্যাপক আ-আল মামুন ইস্যু), প্রতিটি আবাসিক হলে পানির ফিল্টার মেশিন ও প্রতিটি অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন।

এ ছাড়া ছাত্রী হলের সামনে ফার্মেসি, সুপারশপ ও মোবাইল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা, মহিলা জিমনেসিয়াম চালু করা, হল এলাকা ও অ্যাকাডেমিক ভবনে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাকসুর তহবিল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নির্বাচনের পর থেকেই আমরা প্রশাসনের কাছে রাকসুর তহবিলের হিসাব চেয়ে আসছি। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে তা দেয়নি। 

“মঙ্গলবার অধিবেশনে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। তারা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ৩৫ বছর ধরে রাকসুর তহবিলে জমা করা অর্থের পূর্ণাঙ্গ হিসাব দেবেন।”

এক মাসে ১২ দফা কর্মসূচি বাস্তবায়ন সম্ভব কি-না প্রশ্নের জবাবে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, “সব কর্মসূচি রাকসুর তহবিল নির্ভর নয়। অনেক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। এক মাসের মধ্যেই অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমরা আশা করি।”

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে রাকসুর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।