২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ অঞ্চলে ভোটের নিরাপত্তায় ১২৬ প্লাটুন বিজিবি

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 09:47 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা রোধ এবং ভোটাধিকার নিশ্চিত করতে ময়মনসিংহে ১২৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। তারা ময়মনসিংহ সেক্টরের অধীনে থাকা সাতটি জেলার ৩৯টি সংসদীয় আসনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয় থাকবেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরের খাগডহর ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ।

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সাতটি জেলা- শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রামের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির জন্য বড় চ্যালেঞ্জ। এই বিশাল এলাকার ৩৯টি সংসদীয় আসনে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এর মধ্যে ১১টি সীমান্ত উপজেলায় বিজিবি এককভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

বাকি ৫১টি উপজেলায় বিজিবি সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন। তাছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত দুই প্লাটুন সদস্যকে ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।

ভোটের বিশেষ প্রশিক্ষণ

নির্বাচনি মাঠে পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবির মোট দুই হাজার ৫২০ সদস্যকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, “নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং সাধারণ মানুষের সঙ্গে আইনানুগ আচরণের পাশাপাশি যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা এখন পুরোপুরি প্রস্তুত।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে এই সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলো অভিযান চালিয়ে ১৪৭ জনকে গ্রেপ্তার এবং প্রায় ৫৮ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে।