২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২০

“ইটের আঘাতে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 12:50 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সালিশ বৈঠকের সময় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসি, এসআই ও চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার ‘পৌর মাল্টিপারপাস’ মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানিয়েছেন।

আহতরা টুঙ্গিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী বলছে, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে ডাব বেচাকেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের ডাব বিক্রেতা মো. হামজা ও পাটগাতী সরদারপাড়া এলাকার ক্রেতা জিয়ারুল মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে দুই গ্রামের মুরব্বিদের নিয়ে রোববার বিকালে পৌর মাল্টিপারপাস মার্কেটে সালিশ ডাকা হয়।

সন্ধ্যার দিকে সালিশ চলার সময়ে মার্কেটের বাইরে দুই গ্রামের লোকজন জড়ো হন। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে গেলে টুঙ্গিপাড়া থানার ওসি, এসআই ও চার পুলিশ সদস্য সহ দুই গ্রামের অন্তত ২০ জন আহত হন।

পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের সময় ফুটপাতের প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় বলেও তথ্য দিয়েছে এলাকাবাসী।   

অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়।”

বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি। হলে আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে।