২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা-৪ আসনে সিপিবির জলি তালুকদারের মনোনয়নপত্র জমা

“বর্তমান সরকারের কাছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমি চাই সব দলের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সমান সুযোগ পাক।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদার। 

রোববার বিকাল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি নলিনী কান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, মোহনগঞ্জ উপজেলার সভাপতি এনামুল হক বাচ্ছু, খালিয়াজুরী উপজেলার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা যুব ইউনিয়নের সভাপতি জয় কুমার পুলকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে একই আসন থেকে বিপ্লবী ওয়াকার্স পার্টির চম্পা রানী সরকারও মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিপ্লবী ওয়াকার্স পার্টি জেলা কমিটির সভাপতি সজিব সরকার রতনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র জমা দিয়ে জলি তালুকদার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা দেওয়া হয়েছে। ওই সমস্ত মামলা এখনও রয়ে গেছে। 

“অথচ আমার প্রতিদ্বন্দ্বী বড় দলের প্রার্থীর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হয়েছে। এ ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমি চাই সব দলের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সমান সুযোগ পাক।” 

‘কাস্তে’ মার্কার এই প্রার্থী আরও বলেন, “আমার নির্বাচনী এলাকা খুবই অবহেলিত। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। বেকার সমস্যা দূরীকরণে সচেষ্ট থাকব।”