২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক সংকট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

“শিক্ষক সংকটের সমাধান আমার হাতে নেই। আমি বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করেছি।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

সোমবার বেলা ১১টা থেকে কলেজ গেটের সামনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত শাটডাউন ঘোষণা করেন। 

ওই কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. আজিম বলেন, “কলেজের ৩৩৪টি পদের মধ্যে ১৭৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। 

“বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডেন্টাল ইউনিটসহ অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।”

তিনি বলেন, এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। 

দাবি পূরণ না হলে একাডেমিক ও কলেজের প্রশাসনিক কাজও সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানান আজিম।   

সব ডিপার্টমেন্টে শূন্য পদে শিক্ষক পদায়ন এবং কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্টের বদলিকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনের গেটের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত শিক্ষক সংকট নিরসনের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। 

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, “শিক্ষক সংকট সমাধান আমার হাতে নেই। আমি বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করেছি। তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।”