পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট, ভোগান্তি
শ্রমিকরা রাস্তা থেকে সরে না যাওয়ায় শত শত যাত্রীকে যানবাহন থেকে নেমে সড়ক বিভাজকের উপর বসে অপেক্ষা করতে দেখা গেছে।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঘটনাস্থলের দুই পাশে মহাসড়কের ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে; ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপ কমিশনার অশোক কুমার পাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বলেন, “ভাওয়াল গাজীপুরের হাতিয়াবো এলাকার ভারগো পোশাক কারাখানার শ্রমিকদের অবরোধে বেলা ৩টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলের উভয় দিকে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিরসনে কাজ করছি।”
ঢাকা থেকে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের যাত্রী রাবেয়া বেগম বলেন, তিনি শিশু সন্তান নিয়ে দুপুরের দিকে ঢাকা থেকে বাসে ময়মনসিংহের দিকে রওনা দেন। কিন্তু শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে জয়দেবপুরের চৌরাস্তা এলাকার সালনায় আটকা পড়েন। একদিকে যানজট, অন্যদিকে তীব্র গরমে শিশু সন্তান নিয়ে তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।
রাবেয়া বেগমের মত হাজারো যাত্রী ওই যানজটে আটকে আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা থেকে সরে না যাওয়ায় শত শত যাত্রী যানবাহন থেকে নেমে সড়ক বিভাজকের উপর বসে অপেক্ষা করছেন।
এ ছাড়া অনেক যাত্রী অটোরিকশা দিয়ে বিকল্প শাখা সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
এদিকে, মহাসড়ক অবরোধ করা ভারগো কারখানার একাধিক শ্রমিকের অভিযোগ, তারা পাঁচ মাস ধরে বেতন পান না। বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েও কারখানা কর্তৃপক্ষ সময়ক্ষেপন করছেন। আজ বাধ্য হয়ে তারা সাত-আটশত শ্রমিক রাস্তায় নেমেছেন।
শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভি করেননি।
