২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু

পুলিশ জানায়, প্রচণ্ড গরমে মাছ ধরে ফেরার পথে তারা দুইজন বিশ্রাম নিতে নুরুল আমিনের ইজিবাইকের গ্যারেজে অবস্থান নেন।

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই জেলে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 07:24 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় নদীতে মাছ ধরে ফেরার পথে ব্যাটারি চালিত ইজিবাইকের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে দুই জেলের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

নিহতরা হলেন- ওই ইউনিয়েনের নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন।

স্থানীয়দের বরাতে ওসি সুকান্ত বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান। দুপুরে প্রচণ্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে তারা বিশ্রাম নিতে দিনেশপুর এলাকায় নুরুল আমিনের ইজিবাইকের গ্যারেজে অবস্থান নেন। 

“এক পর্যায়ে আবছার ও ইমন ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।“

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।