২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

সদর উপজেলার সুলতানপুর মহল্লায় বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 06:35 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

নওগাঁ সদর উপজেলায় অর্ধেক শতক জায়গা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।  

উপজেলার সুলতানপুর মহল্লায় বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান।  

নিহত নজরুল ইসলাম (৪০) সুলতানপুর মহল্লার জসিম উদ্দিনের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। সকালে নজরুলের রোপণ করা কয়েকটি আমগাছ মান্নান কেটে ফেললে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। 

একপর্যায়ে মান্নান ধারালো ছুড়ি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান।

নজরুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুন বলেন, “জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিত। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিতভাবে ঝগড়া বাঁধায় এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি বিচার দাবি করি।”

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”