২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে খুন, চাচা আহত

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

জামালপুরে ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে খুন, চাচা আহত
জামালপুরের মাদারগঞ্জে ছুরিকাঘাতে নিহত যুবকের বাড়িতে উৎসুক জনতার ভিড়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া নিহতের চাচাকে আহত অবস্থায় হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার কোয়ালিকান্দি এলাকায় ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানান মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে।

নিহত মাসুদ প্রামানিক (২০) ওই গ্রামের সম্রাট প্রামানিকের ছেলে। আহত রুবেল প্রামানিক (২২) আলতাফুর প্রামানিকের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তারা বিদেশে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান স্বজনরা।

আহত রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক শামীম ওই এলাকার বাসিন্দা।

মাসুদের ছোট ভাই মামুন প্রামানিক সাংবাদিকদের বলেন, রুবেলের বড় ভাই ফরিদুল প্রামানিক সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। শনিবার রুবেলের পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দর থেকে নিতে ঢাকায় গেছেন। রাতে মাসুদকে বাড়িতে থাকার জন্য ডেকে নেয় রুবেল।

“তাদের সঙ্গে একই এলাকার শামীমও যোগ দেন। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। রাতে তারা একসঙ্গে রান্না করে খাবার খেয়ে গল্প করেন। রাত ১১টার পর শামীম বাড়িতে চলে গেলে রুবেল ও মাসুদ সেখানে ঘুমিয়ে পড়েন।

“রোববার সকাল ১০টায় ঘুম থেকে না ওঠায় ওই বাড়িতে গিয়ে আমি ডাকাডাকি করি। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখি বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় আমার ভাই মাসুদ ও চাচা রুবেল পড়ে আছেন।”

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

আহত রুবেলকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের এক বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।