২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

এ ছাড়া নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের ঘটনার প্রতিবাদে জানানো হয়েছে।

শাবি শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ ও এর ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের মাধ্যমে মানসিক বিপর্যস্ত করার প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “তদন্ত সাপেক্ষে ধর্ষণের ঘটনার আষ্টেপৃষ্ঠে কী রয়েছে, তা অতি দ্রুত উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

“সেইসঙ্গে ধর্ষণকে ধামাচাপা দিতে যারা সাইবার বুলিং করে নারী শিক্ষার্থীদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞানের সূতিকাগার। এখানে কোনো ধর্ষক লালন করে না। যারা অপকর্ম করেছে, এসব কুলাঙ্গারা আমাদের ছাত্র হতে পারে না। 

“আমরা কোনো ধর্ষক, ইভটিজারকে ভর্তি করাইনি। এদের চেহারাও আমরা দেখতে চাই না। কারণ এসব কুলাঙ্গারদের চেহারা দেখে আমরা ক্লাসে থাকতে পারব না। আমাদের ছাত্রীরা এদের দেখে ট্রমাটাইজ, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে।”

এ ঘটনার পর থেকে ছাত্রীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে জানিয়ে আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতদূর সম্ভব সমাজবিজ্ঞান বিভাগ থেকে ঘটনা তদন্তে সহযোগিতা করা হবে। আপনারা শুধু আইনি সহযোগিতা দেবেন। সমাজবিজ্ঞানের ছাত্র ও শিক্ষকরা যেকোনো ঘটনা মোকাবিলা করতে প্রস্তুত।

যারা সাইবার বুলিংয়ের নামে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করছে, তাদেরকে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের যে নারী নির্যাতন সেল আছে, সেখানে আমাদের বিষয়গুলো প্রদান করব। সাইবার বুলিংয়ের যারা শিকার হয়েছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

মানবন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল গণি, অধ্যাপক লায়লা আশরাফুন এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমির হোসেন বক্তব্য দেন।

এর আগে ২ মে নগরীর একটি ছাত্রাবাসে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া গোপনে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা হয়; যা পরে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

পরে ওই ছাত্রী ১৯ জুন রাতে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা করেন। রাতেই আদনান ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দুজনকে গ্রেপ্তারের পর সমাজবিজ্ঞান বিভাগের কিছু নারী শিক্ষার্থীকে ফেইসবুকের বিভিন্ন পেইজ ও ফেইক আইডি থেকে ধারাবাহিকভাবে সাইবার বুলিং করা হচ্ছে। 

এসব পেইজে বিভাগের শিক্ষার্থীদের অংশ নেওয়া বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও ভ্রমণের সময় আসামি ও নারী শিক্ষার্থীসহ অন্যদের একই ফ্রেমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রচার করা হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।

‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস, প্রটেক্ট মুসলিম সিস্টার্স, নুসাইবা বিনতে কাব, সেইভ বিডি মুসলিম গার্লস, প্রিয় ক্যাম্পাস সাস্ট, ফাইট অ্যাগেইনস্ট হিন্দুত্ববাদ’ ইত্যাদি ফেইসবুক পেইজে এসব সাইবার বুলিং করা হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “সাইবার বুলিংয়ের বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই গুরুত্বসহকারে দেখছে। এ ঘটনায় এক ছাত্রী আমাদের কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন। আমরা এটা নিয়ে কাজ করছি।”

শাবি শিক্ষার্থীকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২